Image description

প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি (এপিএল)। আগামী ২৭ ডিসেম্বর থেকে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে। প্রথম আসরের জন্য এখন পর্যন্ত তিনটি দলের নাম ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

দুবাইয়ে এক অনুষ্ঠানে তিন ফ্র্যাঞ্চাইজির নাম ও পরিচয় প্রকাশ করা হয়। দলগুলো হলো—অ্যাক্সেল ইউনাইটেড কাবুল, বালখ জওয়ানান ও কান্দাহার ওয়ারিয়র্স। একই অনুষ্ঠানে টুর্নামেন্টের ট্রফিও উন্মোচন করা হয়। ট্রফিটির নাম দেওয়া হয়েছে ‘কোহ-ই-জাফর’।

এপিএলের প্রথম আসরের খেলোয়াড় নিবন্ধন শুরু হবে আগামী ৩০ আগস্ট। এরপর ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে খেলোয়াড় ড্রাফট। তবে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ও ভেন্যু এখনো চূড়ান্ত করেনি এসিবি।

আফগান ক্রিকেটের জন্য এ লিগকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন এসিবি চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ। তিনি বলেন, প্রথম ফ্র্যাঞ্চাইজি ও ট্রফির উন্মোচন আফগান ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। শক্তিশালী একটি লিগ গড়ে তোলাই তাদের লক্ষ্য।

এর আগে এপিএলকে পাঁচ দলের টুর্নামেন্ট করার পরিকল্পনার কথা জানিয়েছিল এসিবি। পাক্তিয়া ও নানগারহারকে প্রতিনিধিত্ব করা আরও দুটি ফ্র্যাঞ্চাইজির নামও আলোচনায় ছিল। তবে ওই দুই দলের বিষয়ে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।

বাকি দুটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করতে এসিবি আলোচনা চালিয়ে যাচ্ছে।

এসএস