মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ২টার দিকে পদ্মাসেতু উত্তর থানার মেদেনীমণ্ডল এলাকায় পদ্মাসেতু টোলপ্লাজার সংলগ্ন খুলনাগামী লেনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লা সদর দক্ষিণ থানার চৌয়ারা ধনপুর এলাকার ছোলেমানের ছেলে ইয়াসিন (৫৫) এবং ধনাইতরী এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে আব্দুল আলীম (৪৫)।
র্যাব-১০ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল মেদেনীমণ্ডল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পদ্মাসেতু টোলপ্লাজার খুলনাগামী লেনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ইয়াসিন ও আব্দুল আলীমকে ৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১০ হাজার টাকা। তাঁদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাবের দাবি, গ্রেপ্তার দুজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।
মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র্যাব-১০।
এমআর




Comments