Image description

কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের চিকিৎসা নিয়ে এবার ক্রিকেট বিশ্বে আরও জোরালো হলো আলোচনা। একের পর এক সাবেক অধিনায়ক তার যথাযথ চিকিৎসা ও পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ নিশ্চিত করার দাবি জানানোর পর এবার সেই দাবির পাশে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স।

ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠি দিয়েছেন ২২ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক। সেই তালিকায় রয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার ও কপিল দেবসহ বিভিন্ন দেশের পরিচিত ক্রিকেট ব্যক্তিত্বরা। এবার তাদের সেই দাবির প্রতি সমর্থন জানালেন কামিন্স। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক গ্রেগ চ্যাপেলকে নিয়ে ‘দ্য গ্রেড ক্রিকেটার’-এর প্রকাশিত একটি ভিডিও পুনরায় শেয়ার করে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। 

কামিন্স বলেন, গ্রেগ চ্যাপেলসহ সাবেক আন্তর্জাতিক অধিনায়কদের আবেদনের প্রতি তার সমর্থন রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী ইমরান খানের প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা সম্পন্ন করা হবে এবং পরিবারের সদস্যদের সঙ্গে তার সাক্ষাতের সুযোগ বজায় থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অস্ট্রেলিয়া অধিনায়ক আরও বলেন, ইমরান খান যে সম্মান ও মর্যাদা পাওয়ার যোগ্য, তার সঙ্গে তেমন আচরণই করা হবে বলে তিনি প্রত্যাশা করেন।

সম্প্রতি ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে পাকিস্তানে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তার ছেলেরা নিয়মিত যথাযথ চিকিৎসার দাবি জানিয়ে আসছেন। একই দাবি তুলেছেন ইমরানের বোনেরাও। তাদের অভিযোগ, ব্যক্তিগত চিকিৎসকের মাধ্যমে তাকে পরীক্ষা করার সুযোগ দেওয়া প্রয়োজন।

গত সপ্তাহে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে ইসলামাবাদের শিফা হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দেয়। তবে পরে তাকে রাষ্ট্রীয় মালিকানাধীন পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে পরীক্ষা করানো হয়। চিকিৎসা শেষে আবার তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। এরপর ইমরানের পরিবার অভিযোগ করে, আদালতের নির্দেশ পুরোপুরি বাস্তবায়ন করা হয়নি।

ইমরানের চিকিৎসা ও পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ নিশ্চিত করার দাবিতে দেওয়া চিঠিতে স্বাক্ষর করেছেন ক্রিকেট বিশ্বের ২২ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক। তাদের মধ্যে রয়েছেন মাইকেল আথারটন, অ্যালান বোর্ডার, মাইকেল ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, অ্যালিস্টার কুক, মাইকেল গ্যাটিং, সুনীল গাভাস্কার, কপিল দেব, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড গাওয়ার, নাসের হুসেইন, ক্লাইভ লয়েড, অর্জুনা রানাতুঙ্গা, অ্যান্ড্রু স্ট্রস, স্টিভ ওয়াহ ও জন রাইটসহ আরও অনেকে।

এর আগেও ইমরানের চিকিৎসা নিয়ে ক্রিকেট বিশ্বের সাবেক অধিনায়করা সরব হয়েছিলেন। গত ফেব্রুয়ারিতে ১৪ জন সাবেক অধিনায়ক একই ধরনের আবেদন জানিয়েছিলেন। তবে তাদের সেই আহ্বানে পাকিস্তান সরকারের পক্ষ থেকে প্রত্যাশিত সাড়া পাওয়া যায়নি বলে নতুন চিঠিতে উল্লেখ করা হয়েছে।

১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। এখন পর্যন্ত সেটিই দেশটির একমাত্র ওয়ানডে বিশ্বকাপ শিরোপা। ক্রিকেটের পর রাজনীতিতে পা রেখে একসময় পাকিস্তানের প্রধানমন্ত্রীও হন তিনি।

কারাগারে থাকা সেই বিশ্বকাপজয়ী অধিনায়কের চিকিৎসা নিয়ে এবার শুধু সাবেক ক্রিকেটাররাই নন, বর্তমান প্রজন্মের তারকারাও সরব হতে শুরু করেছেন। আর প্যাট কামিন্সের সমর্থন সেই আলোচনায় যোগ করেছে নতুন মাত্রা।
এমআর