ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ পর্যন্ত মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহনের দীর্ঘ সারি দেখা দিয়েছে। শুক্রবার দুপুর থেকে শুরু হওয়া এ যানজট শনিবার সকালেও অব্যাহত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
সড়ক বিভাগ ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনের একটি অংশে বড় গর্ত তৈরি হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। পরে শুক্রবার বেলা ১১টার দিকে গর্তটি সংস্কারের কাজ শুরু করে সড়ক বিভাগ। সংস্কারকাজের সময় মহাসড়কের দুই লেনের একটি বন্ধ রেখে অপর লেন দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। এতে যানবাহনের স্বাভাবিক গতি ব্যাহত হয়ে ধীরে ধীরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শুক্রবার রাত পেরিয়ে শনিবার সকালে যানবাহনের চাপ আরও বেড়ে গেলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। এক লেন দিয়ে বিপুলসংখ্যক যানবাহন চলাচল করতে গিয়ে আষাড়িয়ারচর থেকে যানজট ছড়িয়ে পড়ে দাউদকান্দি, মেঘনা টোলপ্লাজা হয়ে কুমিল্লার চান্দিনা পর্যন্ত। এতে মহাসড়কের ঢাকামুখী লেন কার্যত স্থবির হয়ে পড়ে।
দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিশেষ করে বিদেশগামী যাত্রীরা পড়েছেন বেশি বিপাকে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে অনেকে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
স্টার লাইন পরিবহনের চালক ইয়াহিয়া বলেন, শুক্রবার মধ্যরাত থেকে তিনি যানজটে আটকে আছেন। দীর্ঘ সময় ধরে একই জায়গায় যানবাহন থেমে থাকায় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
সেন্টমার্টিন পরিবহনের চালক হুমায়ুন আজাদ বলেন, কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকায় যানজট রয়েছে। প্রায় আট ঘণ্টা ধরে তিনি যানজটে আটকে আছেন।
টোলপ্লাজায় আটকে থাকা বাসযাত্রী মাহাবুব বলেন, ঘণ্টার পর ঘণ্টা পার হয়ে গেলেও তারা একই স্থানে আটকে রয়েছেন। এত দীর্ঘ যানজটের সঠিক কারণ সম্পর্কে সাধারণ যাত্রীরা স্পষ্টভাবে কিছু জানতে পারছেন না বলেও তিনি জানান।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস রায় বলেন, দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানজটের প্রধান কারণ আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় সড়ক সংস্কারকাজ। মহাসড়কের একটি লেন বন্ধ থাকায় যানবাহনের চাপ বেড়ে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি সফিউল ইসলাম বলেন, আষাড়িয়ারচর এলাকায় মহাসড়কের দুই লেনের একটি লেনে সড়ক বিভাগ জরুরি সংস্কারকাজ করছে। ফলে এক লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচল করায় যানজটের সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, যানবাহন চলাচল স্বাভাবিক করতে এবং যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের একাধিক টিম নিরবচ্ছিন্নভাবে মাঠে কাজ করছে।
এসএ




Comments