Image description

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব মুহাম্মদ কাদের গনি চৌধুরী।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বর্তমানে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের দায়িত্বে রয়েছেন সাংবাদিক কামাল উদ্দিন সবুজ (মো. কামাল উদ্দিন মজুমদার)। গত ৮ এপ্রিল তিনি এ পদে যোগ দেন। এর এক দিন আগে, ৭ এপ্রিল, তাঁকে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।

তবে তাঁর চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই কাদের গনি চৌধুরীকে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নতুন করে নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে কাদের গনি চৌধুরীর নিয়োগের কয়েকটি শর্ত উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—তাঁকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।

এ ছাড়া নির্ধারিত শর্ত ও প্রযোজ্য বিধিবিধান অনুযায়ী তাঁকে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

মুহাম্মদ কাদের গনি চৌধুরী দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিবের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এসএ