Image description

আগামী প্রজন্মের অংশগ্রহণের মাধ্যমে উশুকে এগিয়ে নিয়ে ক্রীড়াবান্ধব দেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেন, সিলেটে উশুর যে যাত্রা শুরু হয়েছে, তা অব্যাহত রাখতে হবে। এই সিলেট থেকে যাতে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় তৈরি হয়, সেদিকে সবাইকে নজর দিতে হবে।

শনিবার সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে আশিয়ান গ্রুপ নিবেদিত সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর দুই দিনব্যাপী প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় অচিরেই একটি স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু হবে। পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণেরও ঘোষণা দেন তিনি।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী এবং জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম।

চাইনিজ উশু ফাইটার স্কুল সিলেটের আয়োজনে এবং বাংলাদেশ উশু ফেডারেশন ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

দুই দিনব্যাপী এই চ্যাম্পিয়নশিপে সারা দেশ থেকে ৫ থেকে ৪০ বছর বয়সী বিভিন্ন শ্রেণির উন্মুক্ত প্রতিযোগীরা অংশ নেন। প্রতিযোগিতায় উশুর বিভিন্ন ইভেন্টে নিজেদের দক্ষতা প্রদর্শন করেন খেলোয়াড়রা।

টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ছিল দৈনিক মানবকণ্ঠ। চ্যাম্পিয়নশিপের সহযোগী প্রতিষ্ঠান ও পার্টনার হিসেবে ছিল আশিয়ান গ্রুপ, আশিয়ান সিটি, সিলেট জেলা ক্রীড়া সংস্থা, সিটি মডেল স্কুল এবং লায়নসিল গ্রুপ।

সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলগুলোর হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি। একই সঙ্গে সফল খেলোয়াড়দের মাঝে মেডেল ও সনদ বিতরণ করা হয়।

এনএ/এমআর