‘থ্রি ইডিয়টস’ সিনেমার ‘র্যাঞ্চো’ চরিত্রটি নিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। এবার আমিরকে সরাসরি খোঁচা দিয়েছেন শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক।
নিজের জীবনের সঙ্গে ‘থ্রি ইডিয়টস’-এর যোগসূত্র অস্বীকার করায় আমিরের স্মৃতিশক্তি নিয়েই ব্যঙ্গ করেছেন তিনি। নিট কেলেঙ্কারি ইস্যুতে দিল্লির যন্তর মন্তরে আমরণ অনশনে বসেছিলেন সোনম ওয়াংচুক। সে সময় তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ‘থ্রি ইডিয়টস’-এর ‘চতুর’ চরিত্রে অভিনয় করা ওমি বৈদ্য। তবে সোনমের সঙ্গে দেখা করতে দেখা যায়নি আমির খানকে।
অথচ ‘থ্রি ইডিয়টস’-এ সোনমের জীবন থেকে অনুপ্রাণিত ‘বাস্তবের র্যাঞ্চো’ চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন আমির। সোনম নিজেও বিভিন্ন সময়ে দাবি করেছিলেন, তাঁর জীবন থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছিল সিনেমাটি।
তবে বিষয়টি ভিন্নভাবে ব্যাখ্যা করেছিলেন আমির। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন, ‘থ্রি ইডিয়টস’ তৈরির আগে তিনি, পরিচালক রাজকুমার হিরানি কিংবা লেখক অভিজিৎ জোশী কেউই সোনম ওয়াংচুককে চিনতেন না।
আমিরের সেই বক্তব্য প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন সোনম। সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হয়ে নিজের সঙ্গে আমিরের পুরোনো সাক্ষাতের কথা স্মরণ করেন তিনি। একই সঙ্গে আমিরের স্মৃতিশক্তি নিয়েও রসিকতা করেন এই শিক্ষাবিদ।
সোনমের ভাষায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে, যেখানে ‘গজনি’ সিনেমার লুকে দেখা গেছে আমিরকে। সেই প্রসঙ্গ টেনে অভিনেতাকে খোঁচা দিয়ে তিনি বলেন, ‘চরিত্রের মধ্যে নিজেকে এতটাই নিমজ্জিত করে রেখেছিলেন যে আমাদের সাক্ষাতের কথাই ভুলে গিয়েছেন!’
তবে এখানেই থামেননি সোনম। তিনি দাবি করেন, আমিরের সঙ্গে তাঁর সাক্ষাৎ নিছক সৌজন্য সাক্ষাৎ ছিল না। দীর্ঘ সময় ধরে দুজনের মধ্যে ছবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল এবং নিজেদের ভাবনারও আদান-প্রদান হয়েছিল। হেঁয়ালি করে সোনম বলেন, ‘অভিনেতারা নিজেদের চরিত্রের মধ্যে সম্পূর্ণভাবে ঢুকে যান। আমিরও সম্ভবত সেই সময় ‘গজিনি’র চরিত্রে এতটাই ডুবে ছিলেন যে আমাদের সাক্ষাতের কথাও ভুলে যেতে পারেন।’
এরপর আরও এক ধাপ এগিয়ে সোনম বলেন, ‘যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসেছিলেন এবং যেখানে আমি পুরস্কার নিচ্ছিলাম সেটাও হয়তো ভুলে গিয়েছেন।’
তবে কথোপকথনের সময় একটি বিষয় স্পষ্ট করেছেন সোনম ওয়াংচুক। তাঁর জীবন থেকে অনুপ্রাণিত হয়ে ‘থ্রি ইডিয়টস’ তৈরি হলেও সিনেমাটির গল্পের সঙ্গে তাঁর বাস্তব জীবনের পুরোপুরি মিল নেই। বরং তাঁর জীবনের কিছু ভাবনা ও দর্শন থেকেই সিনেমার ‘র্যাঞ্চো’ চরিত্রটির অনুপ্রেরণা নেওয়া হয়েছিল বলে ইঙ্গিত দেন তিনি।
এমআর




Comments