মাওলানা আতাউল্লাহর শোকসন্তপ্ত পরিবারের পাশে যুব মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ
বাংলাদেশ খেলাফত যুব মজলিস পটুয়াখালী জেলা শাখার আমেলা সদস্য মরহুম মাওলানা আতাউল্লাহ (রহ.)-এর শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংগঠনের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।
রোববার (৩০ আগস্ট) পটুয়াখালীতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি সংগঠনের কেন্দ্রীয় সমাজকল্যাণ বিভাগের পক্ষ থেকে তাঁর পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামানসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং যেকোনো প্রয়োজনে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান বলেন, মসজিদে ফজরের নামাজে সেজদারত অবস্থায় মাওলানা আতাউল্লাহ (রহ.)-এর ইন্তেকাল তাঁর কবুলিয়াতের নিদর্শন। তিনি ধর্মীয় ইমামের দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের নেতৃত্বে নিজেকে গড়ে তুলতে এবং দ্বীনকে সমুন্নত রাখতে যুব মজলিসে কাজ করেছেন।
তিনি আরও বলেন, পরিবারটি যেন নিজেদের অসহায় মনে না করে। বাংলাদেশ খেলাফত যুব মজলিস অতীতেও তাঁদের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও সর্বাত্মকভাবে পাশে থাকবে।
পরে নেতৃবৃন্দ মরহুমের কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত ও পরিবারের সদস্যদের ধৈর্য ও উত্তম প্রতিদানের জন্য দোয়া করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ খেলাফত মজলিস পটুয়াখালী জেলার সভাপতি মাওলানা আব্বাস আলী, পটুয়াখালী জেলা যুব মজলিসের সভাপতি মাওলানা মহিউদ্দিন, সহসভাপতি মাওলানা আবদুল্লাহ, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাকসহ কেন্দ্রীয়, জেলা ও থানা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এনএ




Comments