Image description

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন তিনি। দীর্ঘ সময়ের জন্য নিউইয়র্কে অবস্থান শেষে অক্টোবরের শেষ দিকে দেশে ফিরতে পারেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ৮ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশন শুরু হবে। তবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে ২২ সেপ্টেম্বর থেকে। অধিবেশনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানরা অংশ নেবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানও অধিবেশনে যোগ দেবেন। আগামী ১৯ সেপ্টেম্বর রাতে তিনি নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন। তবে জাতিসংঘে তাঁর ভাষণের তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আনুষ্ঠানিকভাবে ছুটি নিচ্ছেন না। তাঁর নিউইয়র্ক সফরকে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অংশ হিসেবে সরকার অনুমোদন দিয়েছে। ধারণা করা হচ্ছে, অক্টোবরের শেষ দিকে তিনি দেশে ফিরবেন।

পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, রুলস অব বিজনেস, ১৯৯৬ অনুযায়ী হুমায়ুন কবিরকে তার নির্ধারিত দায়িত্বের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের অন্যান্য বিষয়েও দায়িত্ব পালন করতে হবে।

সংশ্লিষ্টরা বলছেন, পররাষ্ট্রমন্ত্রীর দীর্ঘ অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের কার্যক্রম যেন ব্যাহত না হয় এবং দেশের বৈদেশিক নীতির ধারাবাহিকতা বজায় থাকে, সে জন্যই এই অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত ২ জুন জাতিসংঘ সদর দপ্তরে গোপন ভোটে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকৌরিসকে ৯৯-৯১ ভোটে হারিয়ে ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। এক বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন।

গত ২১ আগস্ট মন্ত্রিসভায় রদবদলের সময় টেকনোক্র্যাট হিসেবে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়। শামা ওবায়েদ ইসলামও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন। ২৩ আগস্টের পরিপত্রে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে প্রতিমন্ত্রী-২ হিসেবে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়।

প্রতিমন্ত্রী-১ হিসেবে হুমায়ুন কবির দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়, অনিবাসী বাংলাদেশিদের বিষয় এবং পররাষ্ট্রমন্ত্রীর নির্ধারিত অন্যান্য কাজে সহায়তা করবেন। নতুন পরিপত্র অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রী বিদেশে থাকাকালে মন্ত্রণালয়ের সামগ্রিক কার্যক্রম, জরুরি সিদ্ধান্ত ও প্রশাসনিক বিষয়েও তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, তথ্যপ্রযুক্তি, সমুদ্র আইন, বৈশ্বিক স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতির বিষয়গুলো দেখবেন।

এসএস