Image description

মার্কিন হামলার জবাবে জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানের কিং হুসেইন ও আল আজরাক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। আগ্রাসনকারীদের শাস্তি দিতেই এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তারা।

আইআরজিসির দাবি, হামলায় ওই ঘাঁটিগুলোর প্রযুক্তিগত ও পুনর্গঠন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি শত্রুপক্ষের বিমান পরিচালনার স্থাপনাও ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইরানি বাহিনী।

বিবৃতিতে আইআরজিসি আরও বলেছে, ইরানের ওপর হামলার পরও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়ে গেলে তার আরও কঠোর জবাব দেওয়া হবে।

এর আগে রোববার (৩০ আগস্ট) ইরানের লারাক দ্বীপে আইআরজিসির দুটি রকেট লঞ্চারে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলায় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে এর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল আইআরজিসি।

নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান, ওই দুটি রকেট লঞ্চার থেকে মাইনবাহী দুটি মার্কিন জাহাজে হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ সময় সেগুলো লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। মার্কিন বাহিনী ওই এলাকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং হরমুজ প্রণালিতে নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, লারাক দ্বীপে মার্কিন হামলায় আইআরজিসির কয়েকজন যোদ্ধা ও বেসামরিক বাসিন্দা নিহত হয়েছেন। তবে হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানায়নি ইরানি কর্তৃপক্ষ।

এসএস