Image description

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ শেষে বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। প্রকাশিত এই তালিকার ভোটাররা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।

সচিব জানান, চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। হালনাগাদ প্রক্রিয়ায় এবার মোট ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন নতুন ভোটার বৃদ্ধি পেয়েছে।

ইসির দেয়া তথ্য অনুযায়ী, মোট ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন।

সিনিয়র সচিব আরও জানান, ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী গত ৯ আগস্ট খসড়া তালিকা প্রকাশ করা হয়। এরপর ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করে তা ২৭ আগস্টের মধ্যে নিষ্পত্তি করা হয়েছে। এসব আবেদনের ওপর গৃহীত সিদ্ধান্তগুলো তালিকায় সংযোজন করে আজ ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল কমিশন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সব কিছু ঠিক থাকলে আগামী নভেম্বর মাসে স্থানীয় সরকার নির্বাচনের ভোট গ্রহণ শুরু হতে পারে। নির্বাচনের ৪৫ দিন আগে তফসিল ঘোষণার নিয়ম অনুযায়ী, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে এই নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।

কমিশনের পরিকল্পনা অনুযায়ী, শুরুতেই ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আয়োজন করা হতে পারে। এরপর পর্যায়ক্রমে উপজেলা পরিষদ, সিটি করপোরেশন ও জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ডিআর