দশমিনায় যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
পটুয়াখালীর দশমিনায় নানা আয়োজনের মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৩১ আগস্ট) বিকেলে আনন্দ র্যালি, পথসভা ও কেক কাটার আয়োজন করা হয়।
বিকেল ৫টায় উপজেলার সদর আদালতপাড়ায় সংগঠনের দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি দশমিনা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।
উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি কেএম ইমরান শাহীনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. মিজান হাওলাদার।
সভাপতির বক্তব্যে কেএম ইমরান শাহীন বলেন, “উপজেলা যুব অধিকার পরিষদের নেতৃত্বে যারা রয়েছেন, তারা অত্যন্ত মেধাবী ও বিনয়ী। আমাদের সংগঠনের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম কিংবা মাদকের সাথে সম্পৃক্ততার অভিযোগ নেই। আমরা অঙ্গীকারবদ্ধ যে, যুব অধিকার পরিষদের কোনো সদস্য মাদকাসক্ত হবে না এবং কোনো প্রকার ভূমি দখল বা জনবিরোধী কর্মকাণ্ডে জড়াবে না। মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক কালাম পঞ্চায়েত, উপজেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি রফিক মওলাদার, শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক মো. ইলিয়াস হোসেন রাকিব এবং ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. হাসান মামুন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. লিয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মিলন মাতব্বর, সাবেক দপ্তর সম্পাদক আব্দুস সালাম এবং যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পথসভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ডিআর




Comments