সেনবাগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর সেনবাগ উপজেলায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলার ১০টি ইউনিয়ন ও সেনবাগ পৌরসভা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী ও সমর্থক র্যালিতে অংশ নেন।
র্যালিতে নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত বিভিন্ন ফেস্টুন ও ব্যানার নিয়ে অংশ নেন। এ সময় দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে সেনবাগের বিভিন্ন সড়ক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ থেকে ছয়বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক। এছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
র্যালি শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মোক্তার হোসেন।
বক্তব্যে তিনি বলেন, “৪৮ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি আজ ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। এ উপলক্ষে উপস্থিত সবাইকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই।”
তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন এবং দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি লাভ করে।”
মোক্তার হোসেন বলেন, “কুচক্রী মহলের হাতে নির্মমভাবে নিহত হওয়ার পর বিএনপির হাল ধরেন আমাদের মা খালেদা জিয়া। তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে নির্যাতন-নিপীড়ন সহ্য করেছেন। তবুও আল্লাহ ছাড়া কারও কাছে মাথা নত করেননি।”
তারেক রহমানের প্রসঙ্গে তিনি বলেন, “১৭ বছর দেশের বাইরে থেকেও তিনি নেতাকর্মীদের উৎসাহ দিয়েছেন এবং আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বে দল ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে।”
দেশ গঠন ও গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “এখন আমাদের দায়িত্ব দেশ গড়া এবং গণতন্ত্রকে সুরক্ষিত রাখা। একই সঙ্গে সমাজ থেকে মাদকাসক্তি, ইভটিজিং ও ইয়াবার মতো অপরাধ চিরতরে নির্মূল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
র্যালি ও সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এসএ




Comments