জয়পুরহাট চিনিকলে আখ রোপণ মৌসুমের উদ্বোধন
লক্ষ্যমাত্রা ৩ হাজার ৭০০ একর
জয়পুরহাট চিনিকলে ২০২৬-২০২৭ আখ রোপণ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সদর সাবজোনের ১ ও ২ নম্বর ইউনিটের আখচাষিদের জমিতে এসটিপি (সুগারকেন ট্রেঞ্চ পদ্ধতি) ও সরাসরি পদ্ধতিতে আখ রোপণের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। একই সঙ্গে চিনিকলের আওতাধীন ১০টি সাবজোনের ৮৮টি ইউনিটে একযোগে আখ রোপণ কার্যক্রম শুরু হয়েছে।
সদর সাবজোনের আখচাষি তরিকুল ইসলাম, কাঞ্চন ও আলম হোসেনের জমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (পিডিএম) কৃষিবিদ মো. আমিনুল ইসলাম।
জয়পুরহাট চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) কৃষিবিদ আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে মিলের মহাব্যবস্থাপক (কারখানা) আব্দুর রাজ্জাক, মহাব্যবস্থাপক (প্রশাসন) হাবিবুর রহমান, মহাব্যবস্থাপক (অর্থ) ইশতিয়াক আহমেদ রাজীব, ডিজিএম (সম্প্রসারণ) প্রবীর মল্লিক, ডিজিএম (এসআই অ্যান্ড এগ্রো) এ কে এম শফিউল আযম, ডিএম (সিপি) লিটন কুমার মণ্ডল, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার, সাধারণ সম্পাদক জায়েদ হোসেন, চিনিকল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আমিনুল ইসলাম এবং সদর-এ সাবজোন প্রধান রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় আখচাষিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা বলেন, “আখ একটি অত্যন্ত লাভজনক অর্থকরী ফসল। সঠিক সময়ে রোপণ, উন্নত জাত নির্বাচন এবং আধুনিক প্রযুক্তি অনুসরণ করলে চাষিরা ভালো মুনাফা অর্জন করতে পারবেন।”
তিনি জানান, চাষিদের উৎসাহিত করতে মিলগেটে প্রতি কুইন্টাল আখের মূল্য ৬৫১ টাকা এবং বাহির কেন্দ্রে ৬৩৭ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।
চলতি ২০২৬-২০২৭ রোপণ মৌসুমে জয়পুরহাট চিনিকলের আওতাধীন এলাকায় মোট ৩ হাজার ৭০০ একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক চাষিদের বেশি লাভের আশায় নির্ধারিত সময়ের মধ্যে জমি প্রস্তুত করে আগাম ও উচ্চফলনশীল জাতের আখ রোপণের আহ্বান জানান।
এসএ




Comments