তারেক রহমানের নেতৃত্বে সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ব: সৈয়দ ফয়সল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের মানুষের অধিকার, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও অর্থনৈতিক মুক্তির প্রতীক বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে মাধবপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ মোঃ ফয়সল বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা, সামাজিক ন্যায়বিচার ও জনগণের কল্যাণ বিএনপির মূলনীতি। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের কথাও স্মরণ করেন।
তিনি বলেন, বিএনপির নেতৃত্বে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করা হবে। তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি সৈয়দ মোঃ শাহজাহান, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সহসভাপতি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, সহসভাপতি অলি উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, যুবদলের সভাপতি এনায়েত উল্লা, সাধারণ সম্পাদক কবির আহমেদ চৌধুরী, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ প্রমূখ।
এ সময় উপজেলার ১১টি ইউনিয়ন থেকে বর্ণাঢ্য মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নেন।
ডিআর




Comments