Image description

রাশিয়ার সেনাবাহিনীতে নিয়োগ পাওয়া ২২৭ ভারতীয় নাগরিকের মধ্যে এখন পর্যন্ত ৫১ জন নিহত হয়েছেন। আর ১৩৯ জনকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রুশ সেনাবাহিনীতে থাকা বাকি ভারতীয়দেরও দ্রুত অব্যাহতি দিয়ে দেশে ফিরিয়ে আনতে মস্কোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত।

সোমবার (৩১ আগস্ট) ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এসব তথ্য জানান। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য দেন।

বিক্রম মিশ্রি বলেন, রুশ সেনাবাহিনীতে ভারতীয় নাগরিকদের নিয়োগের বিষয়টি ভারত ও রাশিয়ার মধ্যে বিভিন্ন পর্যায়ে একাধিকবার আলোচনা হয়েছে।

তিনি জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী ২২৭ জন ভারতীয় নাগরিক রুশ সেনাবাহিনীতে নিয়োগ পেয়েছেন। তাদের মধ্যে ১৩৯ জনকে ইতোমধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে দুঃখজনকভাবে ৫১ জনের মৃত্যুর তথ্যও ভারতের কাছে রয়েছে।

বাকি ভারতীয় নাগরিকদের দ্রুত সেনাবাহিনী থেকে অব্যাহতি দিয়ে দেশে ফিরিয়ে আনতে রুশ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে ভারত। এ বিষয়ে মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসও কাজ করছে।

ভারতের পররাষ্ট্রসচিব বলেন, যেসব ভারতীয় এখনো রুশ সেনাবাহিনীতে রয়েছেন, তাদের বিষয়গুলো দ্রুত নিষ্পত্তি করে অব্যাহতি দেওয়ার জন্য রুশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। তাদের দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে আনাই ভারতের লক্ষ্য।

তিনি আরও জানান, মস্কোয় ভারতীয় দূতাবাস বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং রুশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।

সূত্র: এনডিটিভিি

এসএস