Image description

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাতিজি বৃষ্টি মুখার্জির (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজ্যের বীরভূম জেলার রামপুরহাট থানার কুসুম্বা গ্রামের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বৃষ্টি মুখার্জি মমতা ব্যানার্জির মামাতো ভাই নিহার মুখার্জির মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে বাড়ির দোতলার একটি ঘরে বৃষ্টিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। তার গলায় সাদা কাপড় জড়ানো ছিল। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

বৃষ্টির এক আত্মীয় সন্ধ্যা মুখার্জি জানান, কৌশিক ঘটকের সঙ্গে বৃষ্টির বিয়ে হয়েছিল। তবে তাদের মধ্যে বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। বৃষ্টির ১২ বছরের একটি সন্তান রয়েছে।

এদিকে বৃষ্টির বিরুদ্ধে পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির মাধ্যমে চাকরি পাওয়ার অভিযোগও ছিল।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে কী কারণে বৃষ্টি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনো জানা যায়নি। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।

এসএস