Image description

ইরানের সঙ্গে নতুন করে সামরিক সংঘাত শুরু হওয়ায় পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ সতর্কতা জারি করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এখন খুবই জটিল। পরিস্থিতি যেকোনো সময় আরও খারাপ হতে পারে। তাই মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে এবং সম্ভাব্য ভ্রমণ বিঘ্নের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্র আরও জানিয়েছে, ইরান ও দেশটির সমর্থিত গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন স্বার্থ, ব্যবসাপ্রতিষ্ঠান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালাতে পারে।

ইতোমধ্যে ইসরায়েল, জর্ডান ও কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন দূতাবাস থেকেও নাগরিকদের একই ধরনের সতর্কবার্তা দেওয়া হয়েছে।

এর আগে সামরিক তৎপরতা সাময়িকভাবে বন্ধ থাকার সময়ও একই ধরনের সতর্কতা জারি করেছিল যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সতর্কতার মধ্যেই মঙ্গলবার ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে হামলা শুরু করেছে মার্কিন বাহিনী। এর আগে রোববারও হামলার ঘটনা ঘটেছিল।

সূত্র: এপি

এসএস