Image description

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে আজ (২ সেপ্টেম্বর) রাতে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। রাত ৯টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। মির্জা আব্বাসের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের অনুমতি পাওয়ার পরই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এবং তাঁর ফেরার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস মালয়েশিয়া থেকে জানিয়েছেন, দীর্ঘ চিকিৎসার পর মির্জা আব্বাসের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। তবে দেশে ফেরার পরও তাঁর চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া অব্যাহত থাকবে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে প্রতিদিন নিয়মিত ফিজিওথেরাপি দিতে হবে।

মির্জা আব্বাসের অসুস্থতার প্রেক্ষাপট টেনে পরিবার জানায়, গত ১১ মার্চ রাজধানীর শাহজাহানপুরের বাসভবনে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান তিনি। তাৎক্ষণিকভাবে তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে অবস্থার কিছুটা উন্নতি হলে বিশেষায়িত চিকিৎসা ও দীর্ঘমেয়াদী পুনর্বাসনের জন্য তাঁকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছিল।

বর্তমানে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস একইসঙ্গে বিএনপির নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। দীর্ঘ সময় দেশের বাইরে চিকিৎসাধীন থাকায় তিনি সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে ছিলেন। তাঁর এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে তিনি আবারও রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় হবেন বলে আশা করছেন দলের নেতাকর্মীরা।

বিএনপির সিনিয়র এই নেতার সুস্থ হয়ে দেশে ফেরার খবরে দলটির সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও স্বস্তি লক্ষ্য করা গেছে। আজ রাতে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

ডিআর