আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানিয়েছেন, শিল্পকারখানাগুলোতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তিনশ ফিট এলাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পাঁচ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ৩০০ ফিট এলাকায় গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এই কর্মসূচির সূচনা করেন।
রুহুল কবির রিজভী বলেন, "বর্তমান জ্বালানি সংকট কেবল সরকারের কারণে সৃষ্টি হয়নি; এর পেছনে বিভিন্ন বৈশ্বিক কারণও রয়েছে। তবে সংকট নিরসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। বিশেষ করে দেশের শিল্প উৎপাদন সচল রাখতে কলকারখানাগুলোতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।"
জ্বালানি আমদানির বরাদ্দ প্রসঙ্গে তিনি জানান, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার জন্য সরকার ইতোমধ্যে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। এই অর্থায়নের মাধ্যমে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। রিজভী আশা প্রকাশ করেন, আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে মিল-কারখানাগুলো পর্যাপ্ত গ্যাস পাবে, যার ফলে ব্যবসা-বাণিজ্যে বিদ্যমান সংকট ধীরে ধীরে কেটে যাবে।
দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে জনগণকে আশ্বস্ত করে তিনি বলেন, "বর্তমান সংকটকে দীর্ঘস্থায়ী হতে দেওয়া হবে না। বৈশ্বিক পরিস্থিতির কারণে তৈরি হওয়া এই সমস্যা মোকাবিলায় সরকার নিরলস কাজ করছে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে।"
পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করা সম্ভব নয়। এর পাশাপাশি দেশের নদী, নালা, খাল ও বিলগুলোকে দূষণমুক্ত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় জলাশয়গুলো বিষাক্তমুক্ত রাখা এবং দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ও সমন্বিত পরিকল্পনা প্রয়োজন।
কর্মসূচিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই বৃক্ষরোপণ অভিযান আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে পরিচালিত হবে।
ডিআর




Comments