ঘুস নিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি ও ছুটির পর কাজে যোগ না দেওয়ার অভিযোগে পুলিশের সাত কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ ও বরখাস্ত করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ডিবির সাবেক যুগ্ম কমিশনার সঞ্চিত কুমার রায়, ডিএমপির সাবেক উপকমিশনার মানস কুমার পোদ্দার, রংপুর জেলার সাবেক পুলিশ সুপার মো. শাহজাহান এবং অতিরিক্ত পুলিশ সুপার হাফিজ আল ফারুক। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সঞ্চিত কুমার রায় ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর থেকে, মানস কুমার পোদ্দার একই বছরের ১৮ অক্টোবর থেকে, মো. শাহজাহান ২০২৫ সালের ৯ জানুয়ারি থেকে এবং হাফিজ আল ফারুক ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
এদিকে নেত্রকোনা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রোকনুজ্জামানের বিরুদ্ধে ঘুস নিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি একজনকে এসআই পদে চাকরি দেওয়ার কথা বলে ১৭ লাখ টাকা দাবি করেন এবং তার কাছ থেকে বিভিন্ন সময়ে প্রায় সাড়ে ৫ লাখ টাকা নেন। চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলেও তিনি তা দেননি।
অভিযোগের পর তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
অন্যদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মো. রাশেদুল ইসলাম এবং পুলিশ স্টাফ কলেজের এএসপি মো. হাবিবুল্লাহ দালালকেও বরখাস্ত করা হয়েছে। রাশেদুল ইসলাম ২০২৫ সালের ৯ মার্চ থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। আর হাবিবুল্লাহ দালাল ছুটি নিয়ে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ দেন।
এসএস




Comments