ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে।
একই সময়ে নতুন করে এক হাজার ১১০ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুই হাজার ৭৪০ জন।
বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী।
চলতি বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ১০৭ জনের মধ্যে নারী ৫৯ জন, যা মোট মৃত্যুর ৫৫ দশমিক ১ শতাংশ। আর পুরুষ মারা গেছেন ৪৮ জন, যা ৪৪ দশমিক ৯ শতাংশ।
মৃত্যুর হিসাবে ঢাকা বিভাগের দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় সবচেয়ে বেশি ৩৬ জনের মৃত্যু হয়েছে। উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় মারা গেছেন ১৫ জন এবং ঢাকা সিটি করপোরেশনের বাইরের এলাকায় তিনজন।
এ ছাড়া খুলনায় ১৮, ময়মনসিংহে ১২, বরিশালে ১০, চট্টগ্রামে সাত, রাজশাহীতে চার এবং রংপুর ও সিলেটে একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ২৮০ জন। তাদের মধ্যে ৩৫ হাজার ৪৩৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
এসএস




Comments