Image description

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্য এবার বড়পর্দায় তুলে ধরার পরিকল্পনা করছেন পশ্চিমবঙ্গের নির্মাতা গৌতম ঘোষ ও বাংলাদেশের প্রযোজক হাবিবুর রহমান খান।

এই জুটি এর আগে ‘পদ্মা নদীর মাঝি’, ‘মনের মানুষ’ ও ‘শঙ্খচিল’-এর মতো সিনেমা নির্মাণ করেছেন। এবার তাদের নতুন সিনেমার বিষয় জীবনানন্দ দাশের জীবনকাহিনি।

সম্প্রতি রেডিও গাগার ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমাটির পরিকল্পনার কথা জানান হাবিবুর রহমান খান। তিনি বলেন, শাহাদুজ্জামানের উপন্যাস ‘একজন কমলালেবু’ অবলম্বনে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা চলছে। এতে জীবনানন্দের জীবন, সাহিত্য এবং তার ব্যক্তিজীবনের নানা দ্বন্দ্ব উঠে আসবে।

হাবিবুর রহমান খান জানান, সিনেমাটি নিয়ে গৌতম ঘোষের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। নির্মাতা দীর্ঘদিন ধরে জীবনানন্দ দাশকে নিয়ে গবেষণাও করছেন। এমনকি উপন্যাসটির লেখক শাহাদুজ্জামানের সঙ্গে লন্ডনে দেখা করেছেন গৌতম ঘোষ।

তবে জীবনানন্দ দাশের চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। প্রযোজক হাবিবুর রহমান খানের ইচ্ছা, চরিত্রটিতে বাংলাদেশের একজন অভিনয়শিল্পীকে নেওয়া হোক। তার মতে, জীবনানন্দের চেহারা ছিল খুবই সাধারণ। তাই চরিত্রটির জন্য উপযুক্ত অভিনেতা খুঁজে পাওয়া কঠিন হবে না।

জীবনানন্দের জন্ম বাংলাদেশে হওয়ায় তার চরিত্রে বাংলাদেশের শিল্পীকেই দেখতে চান প্রযোজক। এ বিষয়ে গৌতম ঘোষও সম্মতি দিয়েছেন বলে জানান তিনি।

সিনেমাটিতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনেতা আফজাল হোসেনকে দেখতে চান হাবিবুর রহমান খান। ভূমেন্দ্র গুহ চরিত্রটি গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জীবনানন্দের শেষ জীবনে এই তরুণ অনুরাগী কবির পাশে ছিলেন। পরে কবির মৃত্যুর পর তার ট্রাংক থেকে উদ্ধার করা অপ্রকাশিত অনেক লেখা প্রকাশের উদ্যোগ নেন ভূমেন্দ্র গুহ।

এসএস