Image description

ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ (অবরুদ্ধ) করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

বৃহস্পতিবার এই আদেশের লিখিত অনুলিপি প্রকাশিত হয়েছে বলে নিশ্চিত করেছেন আইনজীবী শিশির মনির।

রিট আবেদনে উল্লেখ করা হয়, বিদ্যমান আইন অনুযায়ী একই গ্রুপভুক্ত বা পারিবারিকভাবে কোনো ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার রাখা নিষিদ্ধ। কিন্তু এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানি প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার হিসেবে ব্যাংকটিতে যুক্ত হয়ে ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ারের মালিকানা গড়ে তোলে, যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

এর আগে গত বছর ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪টি প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার পরিচালক ও সংশ্লিষ্ট ব্যক্তিবিশেষের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে আদালতের অনুমতি ছাড়া এই শেয়ারহোল্ডারদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার তাদের বিশাল অংকের শেয়ার অবরুদ্ধ করার নির্দেশ এলো।

ডিআর