Image description

হঠাৎ করেই থেমে গেছে রাজশাহী থেকে দেশের বিভিন্ন গন্তব্যের আন্তঃজেলা বাস চলাচল। রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে নাটোর হয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলা, ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। বাস ছাড়ার আশায় রাজশাহী বাস টার্মিনালের কাউন্টারে অপেক্ষা করলেও কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারছেন না পরিবহন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দর্শনার উদ্দেশে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ‘রাব্বি পরিবহন’-এর একটি বাস নাটোরে আটকে দেন সেখানকার বাস মালিক-শ্রমিকরা। পরে বাসটির যাত্রীদের নামিয়ে ‘তুহিন পরিবহন’-এর একটি বাসে তুলে দর্শনার উদ্দেশে পাঠানো হয়। এ ঘটনাকে কেন্দ্র করেই দুই জেলার পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে বিরোধ তীব্র হয়।

একটি বাস আটক, পাল্টা তিন বাস

নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, রাব্বি পরিবহনের একটি বাস কোনো ধরনের অনুমতি ছাড়াই নাটোরে প্রবেশ করায় নাটোরের মালিক-শ্রমিকরা সেটি রাজশাহীতে ফেরত পাঠিয়ে দেন। পরে নাটোরের ছয়-সাতটি বাস রাজশাহীতে আটকে দেওয়া হয়। এ ঘটনার জেরেই নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

এদিকে ঘটনার পর রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন গ্রুপের পক্ষ থেকে নাটোরের ‘তুহিন পরিবহন’-এর তিনটি বাস আটক করা হয়। পরে নাটোরে আটক থাকা ‘রাব্বি পরিবহনের’ বাসটি ছেড়ে দেওয়া হলে রাজশাহীতে আটক তুহিন পরিবহনের তিনটি বাসও ছেড়ে দেওয়া হয়।

তবে বাস দুটি পক্ষের মধ্যে আটকের পাল্টাপাল্টি ঘটনার মধ্যেই রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন গ্রুপ রাজশাহী থেকে সব আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়।

টার্মিনালে অপেক্ষা, মিলছে না নিশ্চিত তথ্য

বাস চলাচল বন্ধ থাকায় শুক্রবার সকাল থেকেই রাজশাহী বাস টার্মিনালে যাত্রীদের ভিড় দেখা যায়। নাটোর হয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলা ছাড়াও ঢাকা ও দেশের অন্যান্য গন্তব্যে নিয়মিত বাস চলাচল করায় হঠাৎ এ অচলাবস্থায় বিপাকে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।

রংপুরগামী যাত্রী শাহানাজ বলেন, ‘রংপুর যাব। কাউন্টারে এসে বসে আছি। তারা বলছেন, সড়কে সমস্যা হয়েছে, কিছুক্ষণের মধ্যে বাস ছাড়বে। কিন্তু এক ঘণ্টা পার হয়ে গেলেও বাস ছাড়েনি।’

যাত্রীরা বলছেন, পূর্বঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ হওয়ায় তারা পড়েছেন অনিশ্চয়তার মধ্যে। বিশেষ করে দূরপাল্লার যাত্রীদের অনেকে বিকল্প পরিবহনের সুযোগ না থাকায় টার্মিনালেই অপেক্ষা করছেন।

‘বাস চলাচল বন্ধ রয়েছে’

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে বলে তিনি শুনেছেন। যেসব বাস নাটোরের ওপর দিয়ে চলাচল করে, সেগুলো বন্ধ রয়েছে। তিনি বাস টার্মিনালে যাচ্ছেন এবং সেখানে গিয়ে বিস্তারিত জানতে পারবেন।

অন্যদিকে নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ জানান, ঢাকাগামী কোচগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে। বিরোধ দ্রুত সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

নির্বাচন ঘিরেও বিরোধ

রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী বলেন, বাস মালিক ও শ্রমিকদের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে আগে থেকেই একটি বিরোধ রয়েছে। সেটি সমাধানের চেষ্টা চলমান রয়েছে। এর মধ্যে হঠাৎ করে বাস চলাচল বন্ধের কারণ তাঁর জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, দুই জেলার পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে আলোচনার মাধ্যমে বিরোধ মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত সমঝোতা হলে বাস চলাচল স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের নজরদারি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপপুলিশ কমিশনার (সিটিটিসি) মো. গাজিউর রহমান বলেন, ঘটনাটি নিয়ে উভয় পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে। জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এদিকে বিরোধ নিরসনে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ ও নাটোরের পরিবহন মালিকপক্ষের মধ্যে আলোচনার কথা রয়েছে। আলোচনার মাধ্যমে দ্রুত সমঝোতা না হলে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকার কারণে রাজশাহীসহ আশপাশের জেলার সাধারণ যাত্রীদের দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এসএ