সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, এই বাংলাদেশ আপনাদের-আমাদের সবার। এখানে ধর্মীয় বা রাজনৈতিক ভেদাভেদের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হোক, তা বর্তমান সরকার চায় না। আমরা ধর্মীয় কোনো বিভাজনে বিশ্বাস করি না এবং কাউকে তা করতেও দেওয়া হবে না।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে দিনাজপুরের বিরামপুর উপজেলার বারোয়ারী মন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে বলেন, “আপনারা আপনাদের ধর্ম, পেশা ও কর্ম সবকিছুই এ দেশে নির্বিঘ্নে ও নির্ভয়ে পালন করবেন। ধর্মীয় সম্প্রীতির যে বাংলাদেশ, আমরা সবাই মিলে তাকে আরও সুন্দর করে গড়ে তুলতে চাই। এখানে কোনো হিংসা-বিদ্বেষ বা জোর-জুলুম সহ্য করা হবে না।”
ডা. জাহিদ হোসেন আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিশ্বাস করে এই দেশ সবার এবং সকলকে নিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই। সবাই যার যার ধর্মীয় বিশ্বাস নিয়ে স্বাধীনভাবে উৎসব পালন করবেন, কেউ কারো বিঘ্ন সৃষ্টি করবেন না। শত বছর ধরে আমরা যেভাবে মিলেমিশে আছি, ভবিষ্যতেও সেভাবেই দেশের কল্যাণে একসঙ্গে কাজ করব।
মতবিনিময় সভায় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা খাতুনসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ডিআর




Comments