শান্তিগঞ্জে পুলিশের ওপর হামলা ও হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামিসহ গ্রেপ্তার ৬
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলায় এজাহারনামীয় ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আলোচিত আসামি আসির মিয়াও রয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী গ্রামে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় পাঁচ আসামিকে গ্রেপ্তার করে শান্তিগঞ্জ থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জ শহরের পানশী রেস্টুরেন্ট থেকে সদর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে আসির মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— দামোধরতপী গ্রামের মৃত শফিক মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম ও মেয়ে শাবানা বেগম, মৃত আব্দুল হাসিমের ছেলে রহমত আলী ও মেয়ে আমিনা বেগম, বাচ্চু মিয়ার স্ত্রী চম্পা বেগম এবং পলাতক আসামি আসির মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ আগস্ট শান্তিগঞ্জ থানায় পুলিশের ওপর হামলার ঘটনায় একটি জিআর মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে তৎপর ছিল পুলিশ। এরই ধারাবাহিকতায় শুক্রবার দামোধরতপী গ্রামে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়ার ঘটনায় আলোচনায় আসা আসির মিয়াকে ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছিল। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ শহরের পানশী রেস্টুরেন্টে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অলি উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ছয় আসামির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ডিআর




Comments