Image description

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সম্ভাব্য সব ধরনের বিকল্প উৎস খুঁজছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, সংকট সমাধানে প্রয়োজনে আফ্রিকা থেকেও জ্বালানি আমদানি করার পরিকল্পনা রয়েছে সরকারের।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে 'আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং' শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "জ্বালানি সংকট মোকাবিলায় সরকার নিরলসভাবে কাজ করছে। আমরা সম্ভাব্য সব বিকল্প উৎসের মাধ্যমে এই সংকট সমাধানের চেষ্টা করছি। প্রয়োজনে দূরবর্তী দেশ কিংবা আফ্রিকা থেকেও জ্বালানি আনা হবে।"

আসন্ন জাতিসংঘ সম্মেলনে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, এবারের সফরে দেশের অর্থনীতি ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। দেশের ভঙ্গুর অর্থনীতিকে সঠিক পথে ফেরাতে কিছুটা সময় প্রয়োজন। ইতোমধ্যে ব্যাংকিং খাতকে স্বচ্ছ করতে এবং বিভিন্ন খাতে গুণগত পরিবর্তন আনতে কাজ শুরু হয়েছে। দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতেও সরকার বদ্ধপরিকর।

রোহিঙ্গা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গা সমস্যা দিন দিন আরও ঘনীভূত হচ্ছে। আসন্ন জাতিসংঘ সম্মেলনে এই ইস্যু নিয়ে আলাদা একটি সেশন অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিকভাবে জোরালো চাপ সৃষ্টি করা ছাড়া রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান করা অত্যন্ত কঠিন। এছাড়া অবৈধ অভিবাসন বন্ধেও সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

ডিআর