সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত আলতাফ হোসেন (৫৮) এসবির ঢাকার মালিবাগ জোনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় তাঁর ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন।
শনিবার রাত ৮টার দিকে আমিনবাজারের বড়দেশি এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৯টার দিকে আলতাফ হোসেন ও তাঁর ছেলেকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলতাফকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বড়দেশি মদিনা হাউজিং এলাকায় একটি গেঞ্জি কারখানার সামনে প্রাইভেটকার রাখা নিয়ে আলতাফ হোসেন ও তাঁর ছেলে আরিফুলের সঙ্গে ১০ থেকে ১৫ জনের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হন।
ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, গাড়ি পার্কিংয়ের ঘটনাকে কেন্দ্র করে নিজ বাসার কাছেই এসবির ওই সদস্য হামলার শিকার হন। একটি প্রাইভেটকার রাখা নিয়ে দুই পক্ষের ঝামেলা মেটাতে গেলে আলতাফ ও তাঁর ছেলেকে পিটিয়ে আহত করা হয়। পরে আলতাফের মৃত্যু হয় এবং তাঁর ছেলে গুরুতর আহত হন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, আমিনবাজার এলাকায় এসবি সদস্যকে কয়েকজন ব্যক্তি পিটিয়ে হত্যা করেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নিহত আলতাফ হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।
এসএস




Comments