Image description

হলিউড থেকে বলিউড, সন্তানসম্ভবা অবস্থায় রূপালী পর্দায় অ্যাকশন কিংবা কঠিন দৃশ্যে অভিনয় করার নজির একাধিক তারকারই আছে। তবে গর্ভে সন্তান নিয়ে অভিনয় করতে গিয়ে সত্যি সত্যি জীবনের বড় ঝুঁকির মুখোমুখি হওয়ার ঘটনা বেশ বিরল। সত্তরের দশকে হিন্দি চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের জীবনে ঘটেছিল এমনই এক ভয়ংকর দুর্ঘটনা।  

১৯৭৪ সালে মুক্তি পাওয়া কালজয়ী চলচ্চিত্র ‘রোটি কাপড়া অউর মকান’-এর একটি স্পর্শকাতর দৃশ্যে অভিনয় করতে গিয়ে শুটিং ফ্লোরেই রক্তপাতের শিকার হতে হয়েছিল তাকে। ভারতীয় সংবাদমাধ্যমে বিভিন্ন সময়ে বলিউড ইতিহাসের অন্যতম বিপজ্জনক এই শুটিং অভিজ্ঞতার বিষয়টি উঠে এসেছে।

মনোজ কুমার পরিচালিত, রচিত ও প্রযোজিত ‘রোটি কাপড়া অউর মকান’ ছিল ১৯৭৪ সালের অন্যতম সেরা ব্লকবাস্টার সিনেমা। সামাজিক প্রেক্ষাপটে নির্মিত এই ছবির গল্পে মৌসুমী চট্টোপাধ্যায়ের চরিত্রটির ওপর একটি যৌন নির্যাতনের দৃশ্য ছিল। তবে সেই সময় বাস্তব জীবনেও সন্তানসম্ভবা ছিলেন এই অভিনেত্রী। গর্ভে সন্তান নিয়ে এমন একটি ধস্তাধস্তির দৃশ্যে অভিনয় করা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, তা ভেবে শুটিং শুরুর আগেই চরম উৎকণ্ঠায় পড়েছিলেন তিনি।

সিনেমার একটি দৃশ্যের শুটিং চলছিল আটার গুদামে। চিত্রনাট্য অনুযায়ী খলনায়কদের কবল থেকে আত্মরক্ষার চেষ্টা। দীর্ঘ সময় তীব্র শারীরিক চাপ ও ধস্তাধস্তির কারণে আচমকাই শুরু হয় রক্তপাত। ব্যথায় কাতর হয়ে পড়া অভিনেত্রীকে তাৎক্ষণিকভাবে নেওয়া হয় হাসপাতালে। চিকিৎসকদের দ্রুত পদক্ষেপ এবং ভাগ্যবশত সে যাত্রা বড় কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পান তিনি ও তার গর্ভস্থ সন্তান।

মাত্র ১৬ বছর বয়সে বিখ্যাত সংগীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলে জয়ন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মৌসুমী চট্টোপাধ্যায়। সত্তরের দশকে হিন্দি সিনেমার অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই তারকা খুব অল্প বয়সেই মাতৃত্বের স্বাদ পান। অমিতাভ বচ্চন, শশী কাপুর ও জিনাত আমানের মতো তারকাদের নিয়ে তৈরি ‘রোটি কাপড়া অউর মকান’ ছবিটি মুক্তির পর বক্স অফিসে বিশাল সাফল্য পায়, গানগুলোও জায়গা করে নেয় জনপ্রিয়তার শীর্ষে। তবে রুপালী পর্দার সেই বর্ণিল সাফল্যের আড়ালে আটার গুদামের ওই শুটিং ফ্লোরের অভিজ্ঞতা হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা হয়ে রয়ে গেছে।
এমআর