নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় চাঁদাবাজি, সরকারি সম্পত্তির অবৈধ ব্যবহার এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার সঙ্গে উগ্র আচরণ ও হুমকি দেওয়ার অভিযোগে মো. শুক্কুর আলী নামে এক বিএনপি নেতাকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) জামপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. আল আমিন মোল্লার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজি, সরকারি সম্পত্তির অবৈধ ব্যবহার এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার সঙ্গে উগ্র আচরণ ও হুমকি প্রদানের সুস্পষ্ট অভিযোগে সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শুক্কুর আলীকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও বলা হয়, বহিষ্কৃত কোনো নেতার অপকর্মের দায় দল নেবে না। বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক বলেন, “চাঁদাবাজি, পুলিশ কর্মকর্তার সঙ্গে খারাপ ব্যবহার এবং দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শুক্কুর আলীকে বহিষ্কার করা হয়েছে। কোনো নেতাকর্মীর অপকর্মের দায় দল নেবে না।”
এসএ




Comments