পটুয়াখালীর দুমকী উপজেলা জাতীয়তাবাদী যুবদলের নবঘোষিত কমিটিতে অযোগ্য এবং বিগত আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্তির অভিযোগ তুলে কমিটি পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় দুমকী নতুন বাজার এলাকায় উপজেলা যুবদলের বঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন দুমকী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার ও সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদ সরদার।
জসিম উদ্দিন হাওলাদার বলেন, “যাঁরা বিগত দিনে আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন না এবং অন্য রাজনৈতিক দল থেকে সুবিধা নিয়েছেন, তাঁদের দিয়ে যুবদলের কমিটি গঠন সাধারণ নেতাকর্মীরা কোনোভাবেই মেনে নেবে না। কেন্দ্র ও জেলা নেতৃত্বের প্রতি আমাদের আস্থা রয়েছে। আমরা অবিলম্বে এ বিতর্কিত সিদ্ধান্ত পুনর্বিবেচনার জোর দাবি জানাচ্ছি।”
সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদ সরদার বলেন, “তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে যাঁকে বা যাঁদের আপনারা প্রতিনিধি নির্বাচন করবেন, আমরা তাঁদের সাদরে মেনে নেব। কিন্তু কোনো ফ্যাসিস্টের দোসর বা অযোগ্য ব্যক্তির স্থান যুবদলে হতে পারে না।”
মানববন্ধনে বক্তারা অবিলম্বে ঘোষিত কমিটি বাতিল করে রাজপথের পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি পুনর্গঠনের দাবি জানান। একই সঙ্গে এ বিষয়ে কেন্দ্রীয় ও জেলা যুবদলের ঊর্ধ্বতন নেতাদের হস্তক্ষেপ কামনা করেন তারা।
মানববন্ধনে উপজেলা যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
এসএ




Comments