ডেঙ্গু ঠেকাতে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযানে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী
ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় নিয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় সরকারপ্রধান এই নির্দেশনা দেন।
এদিন সভায় প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি সংস্থার ওপর নির্ভর না করে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। সেই সঙ্গে প্রতিটি বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি জমে থাকা পানি অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার এবং মশার প্রজননস্থল যাতে তৈরি হতে না পারে, সে বিষয়ে মানুষকে আরও সচেতন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রমে দুর্যোগ ব্যবস্থাপনার স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্ট কর্মীদের সম্পৃক্ত করার নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, “এসব সংগঠনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সাধারণ জনগণকে সরাসরি যুক্ত করে জোরালোভাবে পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে।”
সভায় উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের উন্নত চিকিৎসা সুবিধা নিশ্চিত করা এবং রোগী ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। পাশাপাশি হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের ব্যবহারের জন্য পর্যাপ্ত মশারি সরবরাহের নির্দেশ দেওয়া হয়, যাতে আক্রান্ত রোগীকে কামড়ানো মশার মাধ্যমে সুস্থ ব্যক্তিরা নতুন করে সংক্রমিত না হন।
গৃহীত সিদ্ধান্তগুলো যথাযথভাবে বাস্তবায়নের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “মাঠে এসব সিদ্ধান্তের যথাযথ প্রতিফলন থাকতে হবে।” ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসার চেয়ে প্রতিরোধকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন। পরিচ্ছন্নতা অভিযানে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাপকভাবে সচেতনতামূলক উদ্যোগ নেওয়ার ওপরও তিনি জোর দেন।
উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরul ইসলাম খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।
ডিআর




Comments