Image description

টাঙ্গাইলের মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় মধুপুর উপজেলা পরিষদ হলরুমে ‘মধুপুর সাংস্কৃতিক ঐক্য জোটের’ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মধুপুর সাংস্কৃতিক ঐক্য জোটের আহ্বায়ক ওস্তাদ আসাদুজ্জামান মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মফিজুল হক।

আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চা নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতি, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ সমাজকে সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে শিল্প ও সাহিত্যের চর্চা ছড়িয়ে দেওয়ার ওপর তাঁরা বিশেষ গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ডিআর