সারা দেশে তীব্র সার সংকটে আমন ধানসহ বিভিন্ন ফসলের চাষাবাদ ঝুঁকিতে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, সারা দেশে সার সংকটের কারণে কৃষকরা আমন ধান চাষে সমস্যায় পড়েছেন। একই সঙ্গে মৌসুমি সবজি ও অন্যান্য ফসলের উৎপাদনও কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তিনি অভিযোগ করেন, সরকারের অব্যবস্থাপনার কারণে প্রান্তিক কৃষকরা চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না। এ কারণে কোথাও কোথাও কৃষকরা সড়ক অবরোধসহ আন্দোলনে নামতে বাধ্য হচ্ছেন।
গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে তিনি আরও অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে বেশি দামে সার বিক্রির ঘটনা ঘটছে। এতে কৃষকদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।
গোলাম পরওয়ার বলেন, রাজশাহী, লালমনিরহাট ও কুড়িগ্রামে পর্যাপ্ত সার সরবরাহের দাবিতে কৃষকরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন। কোথাও সার গুদাম থেকে লুটপাট এবং কৃষি বিভাগের মাঠকর্মীকে অবরুদ্ধ করার ঘটনাও ঘটেছে বলে গণমাধ্যমে খবর এসেছে।
তিনি বলেন, এসব ঘটনা সার সংকটের তীব্রতা প্রকাশ করছে। দ্রুত সংকটের সমাধান করা না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
বিবৃতিতে তিনি আরও অভিযোগ করেন, কোথাও কোথাও একটি সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে সার বিক্রি করছে। অনুমোদিত ডিলারের দোকানে সার না মিললেও খোলা বাজারে বেশি দামে সার পাওয়া যাচ্ছে বলে দাবি করেন তিনি।
কৃষকদের হয়রানি বন্ধ, সার সরবরাহ স্বাভাবিক করা এবং কৃষি উৎপাদন ঠিক রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের এই নেতা।
এসএস




Comments