Image description

ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মোটরসাইকেলসহ বাসটি প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত চলে যায়।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবনাতলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পটুয়াখালীর সুমখালী এলাকার আব্দুর রবের ছেলে আনিসুর রহমান (২৮) এবং বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামের ফরিদ হাওলাদারের ছেলে সালাউদ্দিন (৩০)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের একটি বাসের নিচে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।

তারা ঢাকা থেকে মোটরসাইকেলে করে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কাজী ওবায়দুল কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। বাসটি আটক করা হয়েছে। তবে দুর্ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে গেছেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এসএস