রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথমবারের মতো সড়ক যোগাযোগ চালু হয়েছে। দুই দেশের সীমান্তবর্তী তুমান নদীর ওপর নির্মিত নতুন সড়ক সেতুটি সোমবার উদ্বোধন করা হয়েছে।
প্রায় এক কিলোমিটার দীর্ঘ ও দুই লেনের সেতুটি উদ্বোধনের দিন পতাকাশোভিত কয়েকটি ট্রাক প্রথমবারের মতো পার হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত ছিলেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন ও উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী পাক থায়ে-সং। তারা দুই দেশের কর্মকর্তা ও কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন।
রুশ প্রধানমন্ত্রী জানান, নতুন সেতু দিয়ে প্রতিদিন সর্বোচ্চ ৩০০টি যানবাহন চলাচল করতে পারবে। সেতুটি রাশিয়ার ফেডারেল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে।
এর আগে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে আকাশ ও রেল যোগাযোগ থাকলেও সরাসরি সড়ক যোগাযোগ ছিল না। দীর্ঘদিনের আলোচনার পর ২০২৫ সালের এপ্রিলে সেতুটির নির্মাণকাজ শুরু হয়।
২০২৪ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফরের সময় সেতু নির্মাণের বিষয়ে দুই দেশ একমত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মিশুস্তিন বলেন, সীমান্তবর্তী পরিবহন অবকাঠামো সম্প্রসারণের ফলে দুই দেশের বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি ও সংস্কৃতিতে সহযোগিতা আরও বাড়বে। তিনি সেতুটিকে রাশিয়া-উত্তর কোরিয়ার বন্ধুত্বের নতুন প্রতীক হিসেবে উল্লেখ করেন।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। ২০২৪ সালে ইউক্রেনীয় বাহিনীর রাশিয়ার কুরস্ক অঞ্চলে অভিযানের সময় উত্তর কোরিয়া রাশিয়াকে সহায়তা করতে হাজার হাজার সেনা পাঠিয়েছিল বলে উল্লেখ করা হয়েছে।
সোমবারের বক্তব্যে মিশুস্তিন উত্তর কোরিয়ার সেনাদের প্রশংসা করে বলেন, তারা রুশ সেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাশিয়ার ভূখণ্ড রক্ষায় লড়াই করেছে।
এসএস




Comments