নারীদের নিয়ে কোনো ধরনের অশালীন বা অবমাননাকর মন্তব্য সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়।
বিধানসভায় দেওয়া বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিক বিষয়ে কঠোর সমালোচনা করা যেতে পারে। তবে সমালোচনার নামে নারী বা অন্য কোনো ব্যক্তিকে অপমান করা উচিত নয়।
বিজয় বলেন, মতপ্রকাশের স্বাধীনতা সবার অধিকার। তবে সেই স্বাধীনতা ব্যবহারের ক্ষেত্রে প্রত্যেকের দায়িত্বশীল হওয়া প্রয়োজন। রাজনৈতিক সমালোচনা করতে গিয়ে কাউকে হেয় করা উচিত নয়।
তামিলনাড়ুর রাজনীতিতে সাম্প্রতিক সময়ে নারীদের নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্যের প্রবণতা দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। জনসমক্ষে কথা বলার সময় পরিবারের মা-বোনদের সম্মানের কথা মনে রাখার আহ্বান জানান বিজয়।
তিনি আরও বলেন, আজ তিনি যে অবস্থানে এসেছেন, তার পেছনে সাধারণ মানুষের পাশাপাশি পরিবারের নারীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নারীদের নিয়ে অশালীন বা মানহানিকর মন্তব্য করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিজয়ের এই বক্তব্য এসেছে বিরোধীদলীয় নেতা উদয়নিধি স্টালিনকে ঘিরে সাম্প্রতিক এক বিতর্কের পর। অভিনেত্রী তৃষাকে নিয়ে উদয়নিধির একটি মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তবে ডিএমকে দাবি করেছে, তার বক্তব্য সম্পাদনা করে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে এবং তিনি তৃষার নাম উল্লেখ করেননি।
ঘটনার পর পুলিশ উদয়নিধিকে হেফাজতে নেয়। পরে মাদ্রাজ হাইকোর্টের নির্দেশে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।
বিধানসভায় বিজয় আরও বলেন, এর আগেও একই বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে নারীদের অপমানের অভিযোগ উঠেছে। এমনকি সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতাকেও বিধানসভায় অপমান করা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
তবে অধিবেশন শেষে বিজয়ের বক্তব্যের সমালোচনা করেন উদয়নিধি। তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী ডিএমকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেও তাদের জবাব দেওয়ার সুযোগ দেওয়া হয়নি।
উদয়নিধি বলেন, অভিযোগ করলেই তা সত্য হয়ে যায় না। কোনো অভিযোগের পক্ষে প্রমাণ থাকতে হবে।
তথ্যসূত্র: এনডিটিভি
এসএস




Comments