Image description

আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে দ্বীপ জেলা ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, স্থায়ী স্থল সংযোগ তৈরির আগে মানুষের যাতায়াত সহজ করতে এই নৌপথ চালু করা হয়েছে। পরীক্ষামূলক চালনায় যাত্রী ও পণ্যবাহী যানবাহনের ব্যাপক সাড়া পাওয়ায় ফেরির সংখ্যা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন ও যৌক্তিক ভাড়া নির্ধারণ নিয়ে কাজ চলছে। পাশাপাশি ঢাকার চক্রাকার নৌপথ ও ওয়াটার বাসকে সময়োপযোগী ও যাত্রীবান্ধব করে লোকসান কাটিয়ে ওঠার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বক্তব্যে শেখ রবিউল আলম আরও জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কার করা হবে। এছাড়া সেতুর নিরাপত্তা ঝুঁকিতে ফেলে যারা অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী, পরিচালক (প্রশাসন) মোঃ রবিউল আলম, পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান, পরিচালক (কারিগরি) ক্যাপ্টেন মুহাম্মদ হাসেমুর রহমান চৌধুরী এবং পরিচালক (অর্থ) শেখ মুঃ নাসিম।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট থেকে এ রুটে পরীক্ষামূলকভাবে চলাচল শুরু করে ‘বেগম সুফিয়া কামাল’ ও ‘বেগম রোকেয়া’ নামের দুটি ফেরি। বর্তমানে প্রতিদিন উভয় প্রান্ত থেকে ফেরিগুলো ছেড়ে যাচ্ছে, যার প্রতি ট্রিপে সময় লাগছে প্রায় আট ঘণ্টা। এই সরাসরি যোগাযোগ ব্যবস্থার ফলে ভোলার কৃষি পণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও জনজীবনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

ডিআর