Image description

আন্তর্জাতিক বাজারদরের তুলনায় বেশি দামে স্পট মার্কেট থেকে এলএনজি কিনতে হচ্ছে বাংলাদেশকে। গত সপ্তাহে তিনটি কার্গো কিনতে প্রায় ৩ হাজার ৪০০ কোটি টাকা খরচ করেছে পেট্রোবাংলা। এসব কার্গো জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) মূল্যসূচকের তুলনায় প্রায় ৩০০ কোটি টাকা বেশি দামে কেনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে কাতার, ওমান ও যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জিসহ কয়েকটি কোম্পানি দীর্ঘমেয়াদি চুক্তির এলএনজি সরবরাহ স্থগিত করেছে। ফলে স্পট মার্কেটের ওপর নির্ভরতা বেড়েছে বাংলাদেশের।

সরকার আগামী ডিসেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ নিশ্চিত করতে স্পট মার্কেটের বাইরে দীর্ঘ ও স্বল্পমেয়াদি চুক্তির মাধ্যমে অন্তত ২০টি কার্গো সংগ্রহের চেষ্টা করছে। এ জন্য জাপানের জেরা, কোরিয়ার পসকো, ইন্দোনেশিয়ার পারটার্মিনা ও সৌদি আরবের আরামকোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

গত সপ্তাহে স্পট মার্কেটের তিনটি কার্গোর জন্য প্রতি ইউনিট এলএনজির দাম ২৬ থেকে ২৮ ডলারের মধ্যে পড়ে। অথচ একই সময়ে জেকেএম সূচকের দাম ছিল প্রায় ২৩ থেকে ২৫ ডলার।

সংশ্লিষ্টরা বলছেন, যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বেড়ে যাওয়া, বাংলাদেশের গ্যাসের সঙ্গে মেশানোর উপযোগী এলএনজি সরবরাহকারীর সংখ্যা সীমিত থাকা এবং দ্রুত সরবরাহের জন্য স্বল্প সময়ের টেন্ডার—এসব কারণে বেশি দামে এলএনজি কিনতে হচ্ছে।

এসএস