টাঙ্গাইলের বাসাইলে দুর্বৃত্তদের দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে হানিফ খান (৩৭) নামে সাময়িক বরখাস্তকৃত এক আনসার সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের পর এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হানিফ খান হাবলা উত্তরপাড়া এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা বক্তার আলী খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন হানিফ। পথে দুর্বৃত্তরা তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, নিহত হানিফের বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ ও প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বাসাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিআর




Comments