Image description

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা আজাদ রহমান। দেশটির স্থানীয় সরকারে ডেপুটি মেয়র পদে নির্বাচিত প্রথম বাংলাদেশি নারী হিসেবে তিনি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ক্যামডেন কাউন্সিলের সাধারণ সভায় কাউন্সিলরদের ভোটে এলিজা রহমান ডেপুটি মেয়র নির্বাচিত হন। একই সভায় ভিন্স ফেরেরি মেয়র নির্বাচিত হন।

এর আগে ২০২৪ সালের স্থানীয় সরকার নির্বাচনে ক্যামডেন কাউন্সিলের নর্থ ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন এলিজা। কাউন্সিলর হিসেবে তিনি স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে কাজ করার পাশাপাশি বহুসাংস্কৃতিক ও অভিবাসী সম্প্রদায়ের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ার পর এলিজা রহমান বলেন, নতুন দায়িত্বে তিনি ক্যামডেনের জনগণের সেবা অব্যাহত রাখতে এবং সবার সঙ্গে মিলেমিশে এলাকার উন্নয়নে কাজ করতে চান।

এলিজা রহমানের এই অর্জনে অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটিতে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। তার এই সাফল্য অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বাংলাদেশি নারীদের অংশগ্রহণ আরও বাড়াতে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন কমিউনিটির সদস্যরা।

 এনএ