Image description

আনন্দ-উৎসব, পারস্পরিক সৌহার্দ্য ও নতুন শিক্ষার্থীদের বরণ করে নিতে গাজীপুরের কাপাসিয়ায় অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বার্ষিক বনভোজন ও ফ্রেশার্স ওরিয়েন্টেশন-২০২৬।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) গাজীপুরের কাপাসিয়ার কোকোমু সানসেট রিসোর্টে বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ল’ অ্যান্ড জাস্টিসের আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. আনোয়ারুল কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অব ল’-এর ডিন প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন ডিপার্টমেন্ট অব ল’ অ্যান্ড জাস্টিসের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও হেড মো. দীদারুল ইসলাম ভূঁইয়া। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু ভালো ফলাফল অর্জনের সময় নয়; বরং জ্ঞান, নৈতিকতা, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ অর্জনেরও গুরুত্বপূর্ণ সময়। ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত হয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও বিশিষ্ট লেখক প্রফেসর ড. জে. আলী। তিনি বলেন, জীবনে সফল হতে হলে স্বপ্ন দেখার পাশাপাশি সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম, সময়ের সঠিক ব্যবহার ও সততা প্রয়োজন। একজন শিক্ষার্থীর প্রকৃত সাফল্য শুধু সার্টিফিকেট অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তার জ্ঞান, চরিত্র ও সমাজের প্রতি দায়িত্ববোধের মধ্যেই সাফল্যের প্রকৃত পরিচয় ফুটে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আনোয়ারুল কবির বলেন, তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হওয়ার পাশাপাশি দেশপ্রেম, সততা ও নৈতিক মূল্যবোধ ধারণ করতে হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শুধু পেশাগত জীবনের জন্য প্রস্তুত করবে না, বরং তাদের দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবেও গড়ে তুলবে—এটাই আমাদের প্রত্যাশা।

সভাপতির বক্তব্যে প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, শিক্ষাজীবনে পড়াশোনার পাশাপাশি আনন্দ-বিনোদন ও পারস্পরিক বন্ধনও গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নিজেদের সৃজনশীলতা, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডমিন ডিরেক্টর মোসাম্মাদ আফরোজা হেলেন বলেন, শিক্ষার্থীদের সুন্দর ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করছে। শিক্ষার্থীদের নিজেদের মেধা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। দিনব্যাপী আয়োজনে ছিল পরিচিতি পর্ব, আলোচনা, বিনোদনমূলক বিভিন্ন কার্যক্রম ও আনন্দ-উৎসব। নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধন আরও সুদৃঢ় হয়। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ আয়োজন শেষ হয়।

এসএ