ইউএস ওপেনের সেমিফাইনালে রাশিয়ার কারেন খাচানভকে সরাসরি সেটে হারিয়ে ফাইনালে উঠেছেন জার্মানির আলেকজান্ডার জেরেভ।
নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার রাত ১টা ১৫ মিনিটে শুরু হওয়া ম্যাচে খাচানভকে ৬-৩, ৭-৬ (৯-৭), ৭-৬ (৮-৬) গেমে হারান জেরেভ।
এই জয়ের মাধ্যমে ক্যারিয়ারের ষষ্ঠবারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন জেরেভ। চলতি বছর এটি তার টানা তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল।
ম্যাচে জেরেভ ১৫টি অ্যাস করেন, বিপরীতে খাচানভের অ্যাস ছিল ৬টি। দ্বিতীয় সার্ভে পয়েন্ট জয়ের ক্ষেত্রে ৭২ শতাংশ সাফল্য দেখিয়ে এগিয়ে ছিলেন জেরেভ। খাচানভের সাফল্যের হার ছিল ৫৭ শতাংশ।
ব্রেক পয়েন্টে জেরেভ তিনটির মধ্যে দুটি কাজে লাগান। খাচানভ দুই সুযোগের একটিতে সফল হন।
এর আগে ২০২০ সালের ইউএস ওপেনের ফাইনালেও উঠেছিলেন জেরেভ। তবে অস্ট্রিয়ার ডমিনিক থিমের কাছে হেরে সেবার শিরোপা জেতা হয়নি তার।
এবার শিরোপার লড়াইয়ে জেরেভ মুখোমুখি হবেন দুই মার্কিন খেলোয়াড় বেন শেলটন অথবা ফ্রান্সেস টিয়াফোর একজনের। শনিবার ভোর ৫টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা শেলটন ও টিয়াফোর।
এসএস




Comments