খুলনা মহানগরীর দৌলতপুরে দিনে-দুপুরে প্রকাশ্যে জলিল মুন্সি (৩৫) নামের এক জুট প্রেস শ্রমিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল ৮টার দিকে নগরীর দৌলতপুর কুলিবাগান মোড়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জলিল কুলিবাগান এলাকার বাসিন্দা দিল মুন্সির ছেলে এবং পেশায় ইস্পাহানী জুট প্রেসের শ্রমিক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে জলিল মুন্সি কুলিবাগান মোড়ে অবস্থান করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত সেখানে উপস্থিত হয়ে তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। গুলি জলিলের বুক ও পিঠে বিদ্ধ হয়। ঘটনার সময় পুলিশের একটি টহল দল কাছেই অবস্থান করছিল এবং তারা তাৎক্ষণিকভাবে দুর্বৃত্তদের ধাওয়া করলেও ঘাতকেরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জলিলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত গুলি চালিয়েই দ্রুত এলাকা ত্যাগ করে। স্থানীয় টহল পুলিশ তাদের পেছনে ধাওয়া করলেও আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে মাদকসংক্রান্ত লেনদেনের জের ধরে এই হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের মূল কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এসএ




Comments