জিয়ানগরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
ডেঙ্গুর বিস্তার রোধে দেশব্যাপী শুরু হওয়া তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের জিয়ানগরে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জিয়ানগর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে ঢাকায় প্রধানমন্ত্রী দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর দেশের অন্যান্য উপজেলার মতো জিয়ানগরেও একযোগে কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ওয়ালিউর রহমান রুবেল, ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মহব্বত খান, উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, মাস্তান হাফিজ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেনসহ উপজেলার পাঁচ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, ইউপি সচিব, গ্রাম পুলিশ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, রেডক্রিসেন্ট সদস্য, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য সাধারণ মানুষেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত ময়লা-আবর্জনা পরিষ্কার করার মাধ্যমে এডিস মশার প্রজনন রোধ করা সম্ভব।
অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ময়লা-আবর্জনা পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতাকর্মী, রেডক্রিসেন্ট সদস্যসহ উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উপজেলা প্রশাসন জানায়, দেশব্যাপী এ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান তিন মাসব্যাপী চলবে। এ সময় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হবে।
এসএ




Comments