ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুকে আইসিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই তরুণ রাজনীতিকের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শনিবার সকালে তাকে ওয়ার্ডে নেওয়া হয় বলে জানিয়েছেন এনপিএর কেন্দ্রীয় কাউন্সিলের সদস্যসচিব সজীব তানভীর।
তিনি বলেন, বর্তমানে মেঘমল্লার চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন। তাকে চাপমুক্ত রাখতে চিকিৎসকরা বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
ওয়ার্ড থেকে দ্রুত তাকে কেবিনে নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান সজীব তানভীর। মেঘমল্লারের চিকিৎসার বিষয়ে হাসপাতালের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে রয়েছেন তিনি।
সোমবার গভীর রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট এলাকা থেকে মেঘমল্লারকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে বন্ধুরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তার পাকস্থলী ‘ওয়াশ’ করেন।
তার চিকিৎসার সঙ্গে জড়িত হাসপাতালের সংশ্লিষ্টরা জানান, বিষক্রিয়ার সমস্যার কারণে তার পাকস্থলী ধৌত করা হয়েছিল।
প্রথমে হাসপাতালের ৬০২ নম্বর কক্ষের ৩ নম্বর বেডে তার চিকিৎসা চলছিল। মঙ্গলবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে একই ভবনের পঞ্চম তলার আইসিইউতে স্থানান্তর করা হয়। বুধবার তার অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে জানিয়েছিলেন আইসিইউর মেডিকেল অফিসার ডা. হাসান আল বান্না।
বৃহস্পতিবার তার শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’ জানিয়ে কৃত্রিম অক্সিজেনের মাত্রা কমানোর কথা জানান চিকিৎসকরা। একইসঙ্গে তার চিকিৎসার জন্য সাত সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।
শুক্রবার দুপুর ১২টার পর মেঘমল্লারের জ্ঞান ফেরার তথ্য জানান সজীব তানভীর। ওই দিন রাতে তিনি বলেন, জ্ঞান ফেরার পর থেকেই মেঘমল্লারের কৃত্রিম অক্সিজেন সরবরাহ বন্ধ রাখা হয়েছে এবং তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছেন।
শুক্রবার সন্ধ্যায় মেঘমল্লার এনপিএর মুখপাত্র ফেরদৌস আরা রুমি, নাজিফা জান্নাত এবং কেন্দ্রীয় কাউন্সিল সদস্য অনিক রায়, বাকী বিল্লাহ, শামীম আরা নীপা, মনোয়ার নাঈম ও সজীব তানভীরের সঙ্গে কথাও বলেন।




Comments