Image description

বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান সংকটকে জাতীয় সংকট হিসেবে উল্লেখ করে তা সমাধানে জামায়াতে ইসলামীকে সরকারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, "এই সংকট সমাধানে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করা দরকার। কিন্তু জামায়াত সংকট সমাধানে সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে।"

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ সদর উপজেলার তেঁতুলতলা মায়াধরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ৯৬ সালে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে আন্দোলন করা জামায়াত এখন জ্বালানি সংকটকে পুঁজি করে আওয়ামী লীগকে উসকে দিচ্ছে। আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেন, "আওয়ামী লীগ পচে-গলে ধ্বংস হয়ে গেছে। শেখ হাসিনা মারা গেলে তাঁর লাশ দেশে ফিরিয়ে আনার মতোও কেউ নেই।"

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করে রাশেদ খান বলেন, জামায়াত নেতারা তাদের নিজস্ব ‘বট বাহিনী’ দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষদের চরিত্রহনন করছে। তারা দেশের কোনো আইন বা বাহিনীকে তোয়াক্কা করে না বলেও তিনি অভিযোগ তোলেন।

দেশে সারের ঘাটতির কথা অস্বীকার করে তিনি বলেন, দেশে কোনো সার সংকট নেই। ফ্যাসিবাদী আমলে নিয়োগপ্রাপ্ত অসাধু ডিলাররা কৃত্রিম সংকট তৈরি করছে। সরকার দ্রুততম সময়ে এসব সুবিধাভোগী ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সার ব্যবস্থাপনা ব্যবস্থা ঢেলে সাজাবে।

এর আগে তেঁতুলতলা মায়াধরপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম ও জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন।

ডিআর