শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক
মুন্সিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় তিনি এসব প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা।
পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসক সদর উপজেলার পঞ্চসার দারুসসুন্নাত ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা পরিদর্শন করেন। এ সময় তিনি শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরে তিনি মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা মিড-ডে মিলের গুণগত মান পর্যবেক্ষণ করেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের সুস্থ বিকাশ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এরপর জেলা প্রশাসক পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন শেষে তিনি পঞ্চসার ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। এ সময় ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক। সাধারণ জনগণের জন্য সরকারি সেবাসমূহ দ্রুততম সময়ে, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে নিশ্চিত করতে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের নির্দেশনা দেন তিনি।
জেলা প্রশাসকের এ পরিদর্শনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের মানোন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং স্থানীয় পর্যায়ে সরকারি সেবার মান আরও উন্নত করার বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এসএ




Comments