বাগেরহাটে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ
গ্রেপ্তার ও শাস্তির দাবি
বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহেল খানকে হত্যার উদ্দেশ্যে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁর স্ত্রী জাহানারা খানম।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহানারা খানম বলেন, রোববার সকালে তাঁর স্বামী সোহেল খান তাঁর ভাইয়ের ক্যান্সার-সংক্রান্ত একটি ফর্ম জমা দিতে রামপাল উপজেলা কার্যালয়ে যান। কাজ শেষে ফেরার পথে দুপুর ১টার দিকে গিলাতলা বাজারে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া কয়েকজন ব্যক্তি তাঁর গতিরোধ করেন।
তাঁর অভিযোগ, পলাশ ফকির, জুবায়ের মল্লিক, রনি মীর, ইমরান, রাজুসহ ১০-১২ জন ব্যক্তি সোহেল খানকে মারধর শুরু করেন। একপর্যায়ে তাঁকে টেনে-হিঁচড়ে একটি বাগানের ভেতরে নিয়ে গলায় ছুরি ধরে সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
জাহানারা খানম আরও বলেন, টাকা দেওয়ার জন্য চাপ দিয়ে সোহেল খানকে মারধর করা হচ্ছিল। খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। একই ঘটনায় সোহেলের সঙ্গে থাকা অপর এক ব্যক্তিকেও মারধর করা হয়েছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহেল খানকে উদ্ধারের সময় হামলাকারীরা রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও হুমকি দিয়েছেন। স্থানীয়দের কাছ থেকে তাঁরা এ তথ্য জানতে পেরেছেন বলে দাবি করেন জাহানারা খানম।
তাঁর অভিযোগ, অভিযুক্তদের কয়েকজনের বিরুদ্ধে এলাকায় মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া তাঁরা এলাকায় কয়েকটি প্রবাহমান খাল দখলের চেষ্টা করেছেন বলেও দাবি করেন তিনি। এসব বিষয়ে বাধা দেওয়ায় তাঁর স্বামীসহ এলাকার আরও কয়েকজনকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন জাহানারা খানম।
তিনি বলেন, “আমরা বর্তমানে চরম আতঙ্কের মধ্যে আছি। রামপালে গিয়ে থানায় মামলা করার সাহসও পাচ্ছি না। আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এ ঘটনায় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকতে পারেন বলেও অভিযোগ করেন তিনি। তবে তাঁদের নাম প্রকাশ করেননি জাহানারা খানম।
সংবাদ সম্মেলনে তিনি তাঁর স্বামীকে মারধরের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে মল্লিকের বেড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল হাওলাদার, বিএনপি নেতা শামীম হাওলাদার, চান মিয়া শেখ, মোহাম্মদ তরিকুল ইসলাম ও মোহাম্মদ লাবলু হাওলাদার উপস্থিত ছিলেন।
এসএ




Comments